আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

সাতক্ষীরায় হৃদরোগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পরাজয়ের বেদনায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

স্থানীয় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর জানান, নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে লাল্টুই ছিলেন বড়। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন।

ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তিনি বড়পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফিরে যান। শুরু হয় ব্যাপক বুক ধড়ফড় ও বুক ব্যথা। পরে তার স্ত্রী দেখেন লাল্টু অচেতন অবস্থায় পড়ে আছেন। এ সময় তার বাবা ফজলু হোসেন সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, লাল্টুসহ তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কান্না করতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।

সাতক্ষীরা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ফারহা দিবা খান সাথী জানান, সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ মাঠে তার জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Comment