প্রবাসীর স্ত্রীর মারধরের পর ধর্ষণ ও মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে মারধরের পর ধর্ষণের শিকার এক প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুরের তরফপুর ইউনিয়নের একটি গ্রামের এ ঘটনা নির্যাতনের শিকার গৃহবধূই (৪০) হাসপাতালের বেডে শুয়ে স্বজনদের কাছে বিস্তারিত জানিয়ে গেছেন। তার দেওয়া বিবৃতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তরফপুর ইউনিয়নের ওই গৃহবধূর স্বামী এবং আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী। আরিফ সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। বুধবার রাতে তিনি আরেক প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় আরিফ তাকে প্রথমে বেদম মারধর পরে ধর্ষণ করেন। খবর পেয়ে নানা বাড়ি থেকে বড় ছেলে বাড়িতে এসে অসুস্থ মাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে স্ত্রীকে ধর্ষণের খবর শুনে স্বামী মালয়েশিয়া থেকে শুক্রবার দেশে আসেন এবং আরিফকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছেন।
শনিবার বিকালে উপজেলার বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও উপপরিদর্শক আতাউর রহমান সরেজমিন তদন্তে যান।
বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী শুক্রবার ছুটিতে বাড়ি এসে আরিফকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




